রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

পলাতক যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে ৩০ লাখ টাকার মাছ নিধন

বাগমারা প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন
পলাতক যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে ৩০ লাখ টাকার মাছ নিধন

রাজশাহীর বাগমারার পলাতক এক যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার নুরপুর গ্রামে ওই পুকুরে রুই, কাতলাসহ কার্প জাতীয় মরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।


ওই যুবলীগের নেতার নাম সোহেল রানা। তিনি উপজেলার তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নুরপুর গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা সোহেল রানা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ১২ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি পালিয়ে থাকার কারণে তার স্বজনেরা দেখাশোনা করছিলেন। তবে নিরাপত্তাহীনতার কারণে সেখানে কোনও পাহারাদার ছিল না।


পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে সোহেল রানা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তার কয়েকটি পুকুর বেদখল হয়ে যায়। বাড়ির কাছের পুকুরটি তার স্বজনেরা দেখাশোনা করে আসছেন। হুমকির কারণে পাহারাদার রাখা সম্ভব হয়নি। গতকাল (শুক্রবার) কারা বিষ প্রয়োগ করেছে—তা জানতে পারেননি। এ বিষয়ে থানায় মামলা বা অভিযোগ করা হয়নি।


সেখানে দেখা গেছে, পুকুরটিতে মাছ মরে ভেসে আছে। কয়েকজন মিলে সেগুলো তুলছেন।


এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাগমারা থানার ওসি জিল্লুর রহমান।