রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রাজশাহী চেম্বারের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক ১৮ এপ্রিল ২০২৬ ১১:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৮ এপ্রিল ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রাজশাহী চেম্বারের নির্বাচন

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (২০২৬-২৮) দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচন। তবে শনিবার রাত সোয়া ১১টা পর্যন্ত ভোট গণনা চলছিল। ফলে এই সময়ে ভোটের ফলাফল পাওয়া যায়নি।  


শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রার্থীরা শেষ সময় পর্যন্ত ভোটারদের সমর্থন আদায়ে সক্রিয় ছিলেন।


বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আরিফ হোসেন। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।


নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন। এরা হলেন হাসেন আলী, আব্দুল আওয়াল খান চৌধুরী জ্যোতি ও খন্দকার মিজানুর রহমান। সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন শফিউল আলম ও শামসুর রহমান শান্তন। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জিয়া উদ্দিন আহমেদ ও একেএম সারওয়ার জাহান।


পরিচালক পদে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ট্রেড গ্রুপ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নজরুল ইসলাম হেলাল ও এসএম আহসান হাবীব। সাধারণ সদস্য পরিচালক পদে ৩৭ জনের বেশি প্রার্থী অংশ নিয়েছেন। 


এছাড়াও নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার ও বোরহান উদ্দিন অন্তর এবং চেম্বারের সচিব মুয়াক্ষেরুক হুদা। ব্যবসায়ী নেতারা আশা করছেন, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে এবং রাজশাহীর ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে।