শনিবার, আগস্ট ২২, ২০২৬

নেত্রকোণায় বিয়ে বাড়িতে গান বাজানোয় সংঘর্ষে কলেজছাত্র নিহত

সোনার দেশ ডেস্ক ০২ জুন ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০২ জুন ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন
নেত্রকোণায় বিয়ে বাড়িতে গান বাজানোয় সংঘর্ষে কলেজছাত্র নিহত
নিহত কলেজছাত্র মোস্তফা আমীর ফয়সাল

নেত্রকোণা সদর উপজেলার বামনীকোনা গ্রামে বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।


সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বামনীকোনা গ্রামের সংসদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মোস্তফা আমীর ফয়সাল (২০) বামনীকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোণা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন ফয়সালের চাচাতো ভাই রবিন হাসান (১৯), ভাতিজা সৌরভ (১৮) ও চাচা সাদেকুল ইসলাম (৪৫)।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় ইদ্রিস আলীর মেয়ের বিয়ে উপলক্ষে রাতে তার বাড়িতে সাউন্ড সিস্টেমে গান বাজছিল। এ সময় একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম (১৯) বন্ধুদের নিয়ে সেখানে গিয়ে নাচ-গান শুরু করেন। একপর্যায়ে ফয়সাল তাদের সেখান থেকে চলে যেতে বললে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে মাসুম ঘটনাস্থল ত্যাগ করলেও কিছুক্ষণ পর পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ফিরে এসে ফয়সাল ও তার সঙ্গীদের ওপর হামলা চালায়। 


হামলায় ফয়সাল, রবিন, সৌরভ ও সাদেকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ফয়সাল ও সাদেকুল ইসলামের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ২টার দিকে ফয়সালের মৃত্যু ঘটে। 


নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো ও ছবি তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় ফয়সাল নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ আটক করেছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকে অভিযান চলছে। 


তথ্যসূত্র: রাইজিংবিডি