আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মেট্রোপলিটনের পবা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দেশীয় চোলাইমদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
রোববার (১৯ জুলাই) সকাল আনুমানিক ৭ টার দিকে মহানগরীর পবা থানা পুলিশ বড়গাছি পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: হেকমত আলীর ছেলে মো: লিটন আলী (৩৬)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ বোতলে মোট ১২.৫ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি লিটনের অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় তার বিরুদ্ধে আরএমপি’র পবা থানায় মাদকদ্রব্য আইনে ২টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কাটাখালী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কুখন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের (মুন্নাপাড়া) বাসিন্দা মোঃ আলম তালুকদারের ছেলে মোঃ সাকিব হোসেন (২৭)-কে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় একই গ্রামের (শেখপাড়া) বাসিন্দা মোঃ জমসেদ আলীর ছেলে মোঃ রব্বানী (৩২) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত সাকিব হোসেনের দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি অটোরিকশা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামি গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
রাজপাড়া থানা এলাকায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক পৌনে ১১ টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আ: মজিদের ছেলে মো: সেলিম হোসেন (৫৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬.৫ গ্রাম হেরোইন, ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৪শ ৩০ টাকা জব্দ করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সেলিমের অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় তার বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে ১০টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।