শনিবার, আগস্ট ২২, ২০২৬

তানোরে ফসলি জমির জবরদখল, নারীসহ ৬ জন আহত

তানোর প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ ১০:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তানোর প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ ১০:২১ অপরাহ্ন
তানোরে ফসলি জমির জবরদখল, নারীসহ ৬ জন আহত

রাজশাহীর তানোরে ফসলি জমি জবরদখল ও পিটিয়ে নারীসহ ৬ জনকে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুলাই) সকালে কলমা ইউনিয়নের (ইউপি) বাউরি গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে,উপজেলার কলমা ইউনিয়নের বংশীধরপুর মৌজার ২৩৪ নম্বর দাগে ৭১ শতক ফসলি জমি রয়েছে। এই জমির মালিক কেফাতুল্লাহ মন্ডল তার এক পুত্র ও ৪ কন্যা। এর মধ্যে পুত্র মারা গেছে, এখন উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক এখন তার ৪ কন্যা। তাদের নামে জমির নামজারি ও হালনাগাদ খাজনা চলমান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু বাউরি গ্রামের মৃত ময়েজ উদ্দিনের পুত্র প্রভাবশালী মিজানুর রহমান এই জমি তার নিজের দাবি করে জবরদখলের চেষ্টা করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২০ জুলাই) সকালে কেফাতুল্লাহর ৪ কন্যা এই জমি চাষাবাদ করতে যায়। এসময় মিজানুর রহমান তার সহযোগী আয়ুব আলী ও আব্দুল আলিমসহ ১০ থেকে ১২ জন বল্লম, রাম দা ইত্যাদি দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ৪ বোনকে বেধড়ক মারপিট করে জমি থেকে বিতাড়িত করে। তাদের হামলায় নারীসহ ৬ জন আহত হয়। এদের মধ্যে এছনেরা বিবি (৫৫), সাইরা বিবি (৪৫), তারা বিবি (৩৫) ও ওবিজান বিবি (৪৫)। এরা তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে মিজানুর রহমান মিজান অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কেফাতুল্লাহ মন্ডলের কাছে থেকে জমি কিনে নিয়েছেন। আর মারপিটের অভিযোগ সঠিক নয়।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, তাদের অভিযোগ দিতে বলা হয়েছে, এখনো অভিযোগ দেয়নি।

তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।