রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আরএমপি’র সদর দপ্তরের সভাকক্ষে সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়।
সভায় রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দ তাদের পেশাগত কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সুবিধা-অসুবিধা, চ্যালেঞ্জ এবং সংশ্লিষ্ট নানা বিষয় পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। এছাড়াও তারা রাজশাহী মহানগরীর ট্রাফিক জ্যাম, ফুটপাত দখল, অটোরিকশার আধিক্য, মাদক, জুয়া, রাস্তায় যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখা, কিশোর গ্যাং সহ নানা ধরনের সমস্যা তুলে ধরেন। পুলিশ কমিশনার বিষয়গুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহী এডিটরস ফোরামের পক্ষে মতামত ব্যক্ত করেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, সম্পাদক, দৈনিক সোনালী সংবাদ, সহ সভাপতি আফজাল হোসেন, সম্পাদক, আমাদের রাজশাহী, সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, সম্পাদক, রাজশাহী সংবাদ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম,সম্পাদক দৈনিক সানশাইন, দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদার, সম্পাদক, গণধ্বনি প্রতিদিন, নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত, সম্পাদক, দৈনিক সোনার দেশ এবং এনায়েত করিম, সম্পাদক, উত্তরা প্রতিদিন।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ নূর আলম সিদ্দিকী, উপ পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র গাজিউর রহমান, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।