শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবি শিক্ষার্থীকে টিটিই’র মারধর, রাজশাহীতে রেললাইন অবরোধ

রাবি প্রতিবেদক ২১ জুলাই ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২১ জুলাই ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন
রাবি শিক্ষার্থীকে টিটিই’র মারধর, রাজশাহীতে রেললাইন অবরোধ

রাজশাহীতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট পরিদর্শক (টিটিই) কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে শারীরিক লাঞ্ছনা ও মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত টিটিই’র উপযুক্ত শাস্তির দাবিতে রেললাইন অবরোধ কর্মসূচি পালন করছেন রাবি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে এই অবরোধ শুরু করেন তারা। এতে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফোরকান উদ্দিন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মারধরের শিকার শিক্ষার্থীর ভাষ্যমতে, বিনা টিকিটের যাত্রীকে ঘুষের বিনিময়ে সুবিধা দিচ্ছিলেন ট্রেনের দায়িত্বরত টিটি৷ তিনি এ বিষয়ে জানতে চাইলে এবং সরকারি সম্পদ আত্মসাৎ এবং অনিয়মের প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। এসময় তার চশমা ভেঙে যায়। পরে তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জনতার দৃষ্টি আকর্ষণ করলে রেললাইন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ফোরকান উদ্দিন বলেন, টিকিট ইস্যু না করে টিটি যাত্রীদের থেকে টাকা নিচ্ছিলেন। রেলের টাকা রাষ্ট্রের সম্পদ। কিন্তু টিকিট ইস্যু না করে অল্প টাকায় সুবিধা দিয়ে অর্থ পকেট বন্দি করায় একজন আইন বিভাগের শিক্ষার্থী ও সচেতন নাগরিক হিসাবে আমি প্রতিবাদ করি। এসময় পেছনে থেকে অতর্কিতভাবে আমার উপর হামলা করা হয়। আমার চশমা ভেঙে গেছে এবং বেশ আহত হয়েছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেনস্তার ঘটনায় উদ্বেগ জানিয়েছে রাকসু। শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে অবরোধ স্থলে অবস্থান করছেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ আন্দোলনকে সমর্থন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

ফেসবুক পোস্টে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ লিখেছেন, ‘রেললাইন বন্ধ থাকবে। রেলওয়ে সংশ্লিষ্ট লোকেরা নিজে আমাদের কাছে এসে এখন এটা সামলান। কাদের গায়ে হাত দিয়েছেন, ঠাহর তো করতে হবে।....  ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের কাছে এসে এ ব্যাপারে সমাধান করবে। নচেৎ রাজশাহীর সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। অভিযুক্তকে ক্ষমা চাইতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দেখতে চাই।’

তিনি আরও লেখেন, ‘এর আগেও জানা-অজানা এমন অনেক আচরণ রাবি শিক্ষার্থীদের সঙ্গে করা হয়েছে। আজকে থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর দিকে কখনো রেল গুন্ডারা বাঁকা চোখেও যেন না দেখে সে ব্যবস্থা করতে হবে।’

আন্দোলনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‌‘অন্যায়ের প্রতিবাদ করায় এক ভাইকে মারধর করা হয়েছে। রেলে অন্যায় এবং প্রতিবাদকারীদের হেনস্তা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রেলপথ অবরোধ করেছি। কর্তৃপক্ষ আসবে এবং ঘুস নেওয়ায় শাস্তি, মারধরের ক্ষতিপূরণসহ যথাযথ সমাধান না হওয়া পর্যন্ত রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে।’