শনিবার, আগস্ট ২২, ২০২৬

মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দাবিতে রাজশাহী চিনিকলের শ্রমিকদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক ২১ জুলাই ২০২৬ ০২:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২১ জুলাই ২০২৬ ০২:১২ অপরাহ্ন
মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দাবিতে রাজশাহী চিনিকলের শ্রমিকদের আন্দোলন

মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজশাহী চিনিকলের শ্রমিকেরা। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সকালে চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে ফটক সভা করেছেন তাঁরা। আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবেন শ্রমিকেরা। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ঘোষিত দাবিনামা ও আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এ কর্মসূচি পালন করছে।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মাসুদ রানা। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, দেশের সব চিনিকলে কর্মরত মৌসুমি শ্রমিকদের মধ্য থেকে যোগ্য ও দক্ষ শ্রমিক-কর্মচারীদের অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে নিয়োগ দিতে হবে। পাশাপাশি পাঁচ বা দশ বছর পরপর পদোন্নতির ব্যবস্থা করে দক্ষ জনবল তৈরি করতে হবে। এ ছাড়া গত বছরের ১ জুলাই সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধার আদলে চিনিকলের শ্রমিকদের জন্যও মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।

ফটক সভায় শ্রমিকনেতারা বলেন, চিনিকলে কর্মরত অধিকাংশ শ্রমিক সারা বছর কাজের সুযোগ পান না। তাঁরা বছরের কয়েক মাস চিনিকলের মৌসুমি কার্যক্রমে স্বল্প মজুরিতে কাজ করেন। দীর্ঘদিন কাজ করতে করতে অনেকেই অভিজ্ঞ ও দক্ষ হয়ে উঠলেও তাঁদের স্থায়ী পদে নিয়োগ দেওয়া হয় না। তাই অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনায় নিয়ে মৌসুমি শ্রমিকদের মধ্য থেকেই যোগ্য ব্যক্তিদের স্থায়ী পদে নিয়োগ দেওয়ার দাবি জানান তাঁরা। রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ রানা বলেন, ‘মৌসুমি শ্রমিকেরা বছরের পর বছর চিনিকলে কাজ করছেন।

কাজ করতে করতে তাঁরা দক্ষ হয়ে উঠেছেন। অথচ তাঁদের স্থায়ী পদে নিয়োগ দেওয়া হচ্ছে না। দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এসব শ্রমিককে স্থায়ী করার উদ্যোগ নিতে হবে।’ তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। অথচ সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকেরা কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না। এ বৈষম্য দূর করতে শ্রমিকদের জন্যও মজুরি কমিশন গঠন ও বাস্তবায়ন করতে হবে।

শ্রমিকদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাসুদ রানা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শ্রমিকদের এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তাঁরা আশা করছেন। চিনিকলের শ্রমিক শরিফুল ইসলামের সঞ্চালনায় ফটক সভায় আরও বক্তব্য দেন রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাদু, সহসভাপতি কামাল হোসেন, সুপারভাইজার তোফাজ্জল হোসেন ও আব্দুল খালেকসহ অন্যরা।