শনিবার, আগস্ট ২২, ২০২৬

বগুড়ায় পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি ২১ জুলাই ২০২৬ ১১:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ২১ জুলাই ২০২৬ ১১:৫১ অপরাহ্ন
বগুড়ায় পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামের খাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- উপজেলার ভালতা গুচ্ছগ্রামের আসাদুল ইসলামের ছেলে জাকিরুল (৬) এবং একই গ্রামের ফারুক মন্ডলের ছেলে ফাইম (৮) ও মেয়ে সুরাইয়া (৫)। ফাইম ও সুরাইয়া আপন ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ি থেকে বের হয়। বেলা ১টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক ওই পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করেন। পরে সুরাইয়ার সন্ধান না মেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।এদিকে খবর পেয়ে কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিন শিশু গোসল করতে পুকুরে নেমেছিল। সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।