আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মেট্রোপলিটনের মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গত ২০ জুলাই রাত আনুমানিক পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান পরিচলনা করে একই এলাকার রোকন উদ্দিনের ছেলে মোঃ সেন্টু মিয়া (৫৫) এবং তার স্ত্রী মিতা পারভীন (৪৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।
অপরদিকে গত ২০ জুলাই রাত আনুমানিক পৌনে ৪টার দিকে পবা থানা পুলিশ পিল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা মোঃ হাসিবুল ইসলাম (৪৬)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৬০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের অপরাধসংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, হাসিবুল ইসলামের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২টি বিশেষ ক্ষমতা আইনে এবং আরএমপি’র বিভিন্ন থানায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ১১টিসহ মোট ১৩টি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়াও সেন্টু মিয়ার বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ৩টি এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ১টি মাদক মামলা এবং সেন্টুর স্ত্রী মিতা পারভীনের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি পেনাল কোডে ও ২টি মাদক মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বোয়ালিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হিরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ নর্দান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মতিহার থানার নতুন বুথপাড়া (৩০ নং ওয়ার্ড) গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো: জহুরুল ইসলাম মিন্টু (৪০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেইসাথে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি অটো রিক্সা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চন্দ্রিমা থানার তালাইমারী পুলিশ ফাঁড়ি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ২০ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার তালাইমারী পুলিশ ফাঁড়ি মেহেরচন্ডী স্কুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মেহেরচন্ডী দক্ষিণপাড়া গ্রামের মো: হাসান আলীর ছেলে মো: শান্ত ইসলাম (২৯)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।