সবুজে সাজবে দুর্গাপুর, পৌরসভায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজশাহীর দুর্গাপুর পৌরসভা এলাকায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে দুর্গাপুর পৌরসভা চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও দুর্গাপুর পৌরসভার প্রশাসক লায়লা নূর তানজু। পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়লা নূর তানজু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাজশাহীর দুর্গাপুর পৌরসভা এলাকায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার দায়িত্বশীল উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ কমানো ও জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। দুর্গাপুর পৌরসভাকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পৌর এলাকায় সবুজায়ন বাড়াতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ফলদ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে। স্থানীয় পরিবেশ ও মাটির ধরন বিবেচনায় নিয়ে উপযুক্ত স্থানে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. শাহাবুল হক ও রতন কুমার ঘোষ, ধরমপুর মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ওমর আলী, বিএনপি নেতা আশরাফ কবির বুলুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং ধরমপুর মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। পরে পৌরসভা চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির কার্যক্রম শুরু হয়।