শনিবার, আগস্ট ২২, ২০২৬

মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বাগমারায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

বাগমারা প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন
মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বাগমারায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

রাজশাহীর বাগমারায় যুবদল নেতা আসাদুল ইসলামের উপর হামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নিজেই। বুধবার (২২ জুলাই) বিকেলে সাড়ে তিন টায় বাগমারা প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি আসামীদের গ্রেপ্তার ও প্রশাসনের কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

ভুক্তভোগী যুবদল নেতা আসাদুল ইসলামের অভিযোগ, গত ১৭ জুলাই রাতে গোয়ালকান্দি বাজারে তার ডিস (কেবল নেটওয়ার্ক) ব্যবসা প্রতিষ্ঠানে বসে কাজ করছিলেন। ওই সময় হামিরকুৎসা ইউনিয়নের তালঘরিয়া গ্রামের মহিলা ডিস ব্যবসায়ী ফাহিমা আক্তার ছাত্রদল নেতা পারভেজ, সুমন, শাহিনসহ বেশ কিছু লোকজন নিয়ে গোয়ালকান্দি বাজোরের ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। ভুক্তভোগীর অভিযোগ, কোন কিছু বুঝে উঠার আগেই হামিরকুৎসা এলাকার মহিলা ডিস ব্যবসায়ী ফাহিমা আক্তারের নির্দেশে চেউখালি গ্রামের পারভেজসহ ছাত্রদলের অন্যান্য নেতার্কীরা আমার অফিসেই আমার উপর হামলা চালায়। তাদের হামলায় আমি মারাত্বক ভাবে আহত হই। হামলাকারীরা অফিসের জিনিসপত্র ও নগদ টাকা লুটপাট করে নিয়ে চলে যায় বলে তিনি সাংবাদিক সম্মেলনে দাবী করেন। স্থানীয় লোকজন তাকে ্উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করেন। 

ওই ঘটনায় যুবদল নেতা আসাদুল ইসলাম বাদী হয়ে মহিলা ডিস ব্যবসায়ী ফাহিমা আক্তারসহ ১১ জনের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ কোন আসামীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, মামলার পর থেকেই আসামীরা তাকে হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। অবিলম্বে আসামীদের গ্রেপ্তার না করলে যে কোন সময় তারা আবারও হামলাসহ বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেছেন। বর্তমানে তিনি জীবনের নিরাপত্তাহীনতাসহ নানা ধরনের সমস্যায় রয়েছেন বলে তিনি সাংবাদিকদের মাঝে তুলে ধরেন। সুষ্ঠ তদন্তের মাধ্যমে অবিলম্বে মামলার আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুযবদল নেতা আসাদুল ইসলামের মা, ভবানীগঞ্জ পৌর যুবদল নেতা জহুরুল ইসলাম, মকলেছুর রহমান মুকুল, গোয়ালকান্দি এলাকার বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মুনসুর রহমান (জুলাই যোদ্ধা), রায়হান শেখ, এমরান শেখী, সামসুর রহমান, কাওছার আলী, খলিলুর রহমান, জুয়েল রানা, শাহিন, গোলাম হোসেন, ফিরোজ, আসলাম, রাজা, সাহাদত, মকলেছ, আলতাফ, মোজাম্মেল, জয়, রিপন  প্রমুখ উপস্থিত ছিলেন। 

অপর দিকে হামলার ঘটনার সাথে জড়িত অভিযুক্ত ফাহিমা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডিস ব্যবসা নিয়ে আসাদুল ইসলামের সাথে আমাদের একটি ঝামেলা চলছিল। ১৭ জুলাই সন্ধ্যায় ঝামেলাটি মিমাংসার জন্য তার অফিস গোয়ালকান্দি বাজারে যাই। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবদল নেতা আসাদুল ইসলাম আমার সাথে খারাপ আচরন করেন। ওই সময় আমার লোকজনের সাথে তার একটু ধাক্কাধাক্কি হয়। হামলা ও লুটপাটের কোন ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, আসামীরা এলাকায় না থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানিয়েছেন।