অস্ত্রের মুখে ঈশ্বরদী ইপিজেডের ঝুটবোঝাই দুই ট্রাক ছিনতাই
পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ট্রাক দুটি উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বুধবার (২২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা ডিবি ইনচার্জ রাশেদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইলে লালন শাহ সেতুর সংযোগ সড়কে এ ঘটনায় মো. বিপ্লব নামের এক ব্যক্তি বাদী হয়ে রাতেই ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। এতে ১০-১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার এ ঝুটগুলো ট্রাকে বোঝাই করার পর চলতি পথে ওই এলাকা থেকে ছিনতাই করা হয়। ঝুটসহ মালামালের দাম প্রায় ৭০ লাখ টাকা।
ডিবি কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ঘটনাটি শুধু ছিনতাই বললে ভুল হবে। এটি ডাকাতি। কারণ, সন্ত্রাসীরা সংখ্যায় ১০-১২ জন ছিল। খবর পাওয়ার পরপরই রাতে অভিযান চালিয়ে ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযানের আগেই জড়িত ব্যক্তিরা একটি প্রাইভেট কারে সেখান থেকে সটকে পড়েন। তবে তাঁদের নাম, পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়টি ট্রাকে বোঝাই ঝুটগুলো ইপিজেড থেকে বের করে আনা হয়। রাতে ইপিজেড থেকে ট্রাকগুলো বের হওয়ার পর পাকশীর দিয়াড় বাঘইল পেট্রোল পাম্প সংলগ্ন একটি ওজন স্কেলে পরিমাপের জন্য নেওয়া হলে ১০-১২ জন যুবক মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় ট্রাকচালক, হেলপার ও ওজনযন্ত্রের কয়েকজন কর্মচারীকে অস্ত্রের ভয় দেখিয়ে এবং কিল-ঘুষি মেরে ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনতাই করে নিয়ে যান। ট্রাক দুটি পাকশীর নতুন রূপপুর স্কুলের পাশে একটি কড়ইগাছের নিচে কিছুক্ষণ রাখার পরে পাবনা শহরের বিসিক এলাকায় গিয়ে পুনরায় ওজন পরিমাপ করান এবং পাবনার বাইপাস সড়কসংলগ্ন গাছপাড়া এলাকায় নিয়ে যান। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জিম্মি ট্রাকচালক ও ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পুরো ঘটনাটি তদন্ত করছে পাবনা গোয়েন্দা পুলিশ। তবে এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।