ঈশ্বরদীর উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা চাইলেন এমপি তালেব মন্ডল
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, দুর্নীতি ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না গেলে দেশের উন্নয়ন এবং ঘোষিত বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, ‘সকল সংসদ সদস্য যদি দুর্নীতি না করার এবং অন্যকে দুর্নীতি করতে না দেওয়ার পাশাপাশি মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের শপথ না নেন, তাহলে দেশের উন্নয়ন যেমন সম্ভব নয়, তেমনি ঘোষিত বাজেটও বাস্তবায়ন করা সম্ভব হবে না।’
তিনি দাবি করেন, দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে ভঙ্গুর। বিদেশি আর্থিক সহায়তার সম্ভাবনাও এখনও স্পষ্ট নয়। ফলে বিদেশি সহায়তা ছাড়া বড় প্রকল্প বাস্তবায়ন কঠিন হবে। এমপি বলেন. ‘ঈশ্বরদীর সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব। আমি চাই, সাংবাদিকরা জনগণের কথা নির্ভয়ে তুলে ধরবেন, আর যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’ মঙ্গলবার (২১ জুলাই) রাতে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সাংবাদিকরা ঈশ্বরদীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এসময় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ঈশ্বরদীকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় আন্তরিক রয়েছি এবং সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে ইতিবাচকভাবে গ্রহণ করি। সভায় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে ঈশ্বরদীর উন্নয়ন, জনস্বার্থ ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সহসাধারণ সম্পাদক ওহেদুজ্জামান টিপু, শেখ ওয়াহেদ আলী সিন্টু, কোষাধ্যক্ষ শহিদুল্লাহ, নির্বাহী সদস্য এস এম রাজা, আজিজুর রহমান খানসহ অন্যান্য সাংবাদিকগণ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামানিক, নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।