শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক ২২ জুলাই ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২২ জুলাই ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
নগরীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি করায় জরিমানা

নগরীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন ও অবৈধভাবে আমদানি করা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মহানগরীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাহেববাজার কালীমন্দিরের গলিতে অবস্থিত রাহাত এন্টারপ্রাইজ-এ বিএসটিআইয়ের গুণগত মানসনদ ও ছাড়পত্র ছাড়া এবং বৈধ আমদানি ব্যতীত চোরাই পথে আনা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে পেট্রোল, অকটেন ও ডিজেলের অবৈধ মজুত রোধ, গুজব প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে নগরীর তালাইমারী এলাকার মেসার্স নয়ান পেট্রোলিয়াম এজেন্সি ও মেসার্স আফরিন ফিলিং স্টেশন-এ বিশেষ মনিটরিং পরিচালনা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।