রাজশাহী থেকে এবার সারাদেশের বাস চলাচল বন্ধ
নাটোরের মালিক ও শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বে এবার রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে রাজশাহীর শ্রমিক নেতারা। এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) শুধু রংপুর ও খুলনা বিভাগের গাড়ি চলাচল বন্ধ ছিল।
শনিবার (৫ আগস্ট) সকাল নয়টা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহীর শ্রমিকরা। হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শনিবার সকালে শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টিকিট কাউন্টারগুলো খোলা রয়েছে। যেসব যাত্রীরা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। এ ছাড়া অনেকেই টিকিট কিনতে আসছেন, তবে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি বাসের সহকারি ব্যবস্থাপক জানান, ভোর থেকে বাস ছাড়া শুরু হয়েছে। কয়েকটি বাসও ছাড়া হয়েছে। কিন্তু নয়টার দিকে কিছু শ্রমিক ও কয়েকজন বাস মালিক জানান বাস চালাতে দেওয়া হবে না। সাধারণত শুক্রবার ও শনিবার ঢাকার যাত্রীদের বেশি চাপ থাকে। বাধ্য হয়ে টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে।
মোর্শেদা বেগম (৫৫) নামে একজন গাজীপুর যাবেন। নওগাঁর নিয়ামতপুর থেকে রাজশাহীতে এসেছেন। তার সঙ্গে দুইটা শিশু রয়েছে। তিনি বলেন, এই ছোট শিশুগুলো নিয়ে কীভাবে ঢাকায় যাব। বাসায় ফিরে যাবো তারও উপায় নেই। এখন যেতেও অনেক সমস্যা হবে।
বাগমারা থেকে ঢাকার উদ্দেশে শিরোইল বাস টার্মিনালে আসেন রাফিউল ইসলাম নামের চাকরিজীবী। তিনি বলেন, আমি আগে জানতাম না যে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস কাউন্টারে এসে শুনি বাস চলাচল বন্ধ রয়েছে। উপায় নাই, এখন বাসায় ফিরে যেতে হবে। আর বাস চলাচল কখন স্বাভাবিক হবে সেটিও কাউন্টার থেকে বলতে পারছে না। তাই রাতে ট্রেনের স্ট্যান্ড টিকিট কেটে যেতে হবে।
পরিবহন শ্রমিকরা জানান, নাটোরের বাস শ্রমিকরা রাব্বি পরিবহন নামের একটি গাড়ি আটকে দেয়। এই বাসটি রাজশাহী থেকে চুয়াডাঙ্গা হয়ে দর্শনা পর্যন্ত যায়। তারা রাজশাহী থেকে চুয়াডাঙ্গার গাড়ি চলতে দেবে না। নিজেরাই চালাবে। এ ঘটনার জেরে বাস চলাচল বন্ধ আছে।
রাব্বি পরিবহনের মালিক রজব আলী বলেন, জনদুর্ভোগ এড়াতে রাজশাহী থেকে দর্শনা রুটে রাব্বি পরিবহনের বাস চলাচলের জন্য নাটোর মালিক সমিতিকে জানানো হয়। তারা অসৌজন্যমূলক আচরণ করে। পরে রাতে (বৃহস্পতিবার) নাটোরে রাব্বি পরিবহনের একটি বাস আটক করে শ্রমিককে মারধর করা হয়। এ খবর জানার পরে নাটোরের বাস আটকিয়ে রাখা হয়। তারা এখনও আমার বাস ছাড়েনি।
নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার বলেন, রাব্বি পরিবহনের একটি বাস নিয়ম না মেনে রাজশাহী থেকে নাটোর হয়ে আলমডাঙ্গা রুটে চলাচল করবে বলে জানায়। বাসটি চলাচলে নাটোর মালিক সমিতি সম্মতি না দেওয়ায় তারা বৃহস্পতিবার রাতে যাত্রীসহ নাটোরের ৯টি বাস আটকে রেখে শ্রমিকদের মারধর করে। তারপর থেকে রাজশাহী মালিকদের কোনো বাস নাটোরের ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। মারধরের বিচার নাহলে বাস চলাচল বন্ধ থাকবে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, শুক্রবার তাদের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা আমাদের সঙ্গে বসতে রাজি হয়নি। শুক্রবার তারা জানিয়ে দেয় রাজশাহীর কোন বাস নাটোরের উপর দিয়ে চলতে দেওয়া হবে না। তাই শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তারা যদি এসে সমাধান না করে তাহলে বাস চলাচল বন্ধ থাকবে।