খুলনায় ভাঙারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি
খুলনায় এবার ভাঙারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। দুই অস্ত্রধারী যুবকের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার দোকানের সাইনবোর্ড ও ভেতরের দেয়ালে আঘাত করে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান আশিকুর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মহানগরীর বাগমারা চেয়ারম্যান বাড়ির মোড় এলাকায় প্রকাশ্যে এ গুলির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় আশিকুর রহমান বাগমারা মেইন রোডের মা মোটরস নামের একটি দোকানে বসে কথা বলছিলেন। এ সময় দুই যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দোকানের সাইনবোর্ড ও ভেতরের দেয়ালে লাগে। দেয়ালে গুলির চিহ্ন ও ছিদ্র দেখা গেছে।
আশিকুর রহমান নগরীর ৮৪, শের-এ-বাংলা রোড, হাজী বাড়ির মোড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ভাঙারি ব্যবসা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: বাংলানিউজ