বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করতে গিয়ে দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত

ঈশ্বরদী প্রতিনিধি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করতে গিয়ে দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ার হোসেন ঢুলি মালিথা (৫৭) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৪০)। ঢুলি মালিথা উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মালিথাপাড়া গ্রামের মৃত টুনি মালিথার ছেলে। 


প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, ঢুলি মালিথা ৩০ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে ধুমধাম করে তার ছেলে সিয়াম হোসেনের বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ছেলের বিয়ের বাজার করতে গতকাল বুধবার সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটর সাইকেল চালিয়ে ঈশ্বরদী বাজারে যাচ্ছিলেন তিনি। সাহাপুর মালিথাপাড়া থেকে মোটরসাইকেলে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়ে এলে একটি ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্ত্রী স্বপ্না খাতুন মারা যান। গুরুতর আহত অবস্থায় ঢুলি মালিথাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ লাশ উদ্ধার করে। তবে মানবিক কারনে পোষ্টমর্টেম না করে লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।     


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ বলেন, কোনো অভিযোগ না থাকায় এবং মানবিক কারণে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।