রাবি মন্নুজান হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মন্নুজান হলের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক এবং অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বুধবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দ হলের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যক্রম বহির্ভুত কর্মকাণ্ডকে স্বাগত জানান। এসবের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার পাশাপাশি প্রতিভাও বিকশিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব জাগ্রত করে।
উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে মন্নুজান হলের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রতিভা বিকাশের জন্য অন্যান্য কর্মকাণ্ডকে উৎসাহিত করতে হল প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য সংস্কৃতি ও ক্রীড়া চর্চার প্রতি আরও গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এর মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিকীকরণও হয় বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, আইসিটি সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীরসহ বিভিন্ন হল প্রাধ্যক্ষ উপস্থিত ছিলেন।
হলের প্রাধ্যক্ষ প্রফেসর মোছা. আশিয়ারা খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।