বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

সোনার দেশ ডেস্ক ১০ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১০ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৪ অপরাহ্ন
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহর মাথায় ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।


বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর।


* মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর।

* প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর।

* প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, “উপনির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তাকে, আর তিনজন সহকারী রিটার্নিং অফিসার থাকবেন।”


গত ২০ অগাস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এ প্রার্থী পরদিন শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।


সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, “রাষ্ট্রপতি তাঁহার কার্যভারকালে সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, এবং কোন সংসদ-সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হইলে রাষ্ট্রপতিরূপে তাঁহার কার্যভার গ্রহণের দিনে সংসদে তাঁহার আসন শূন্য হইবে।”


আর সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ মোতাবেক সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপ নির্বাচনের তফসিল দিল নির্বাচন কমিশন।


এদিকে আসনটি শূন্য ঘোষণা করার পর গত ৩০ অগাস্ট জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়, যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনেও সেখানে লড়েছিলেন।


এ উপ-নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন, বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।


তথ্যসূত্র: বিডিনিউজ