ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোনায়েম হোসেন নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজার এলাকায় তার ওপর হামলা হয়।
নিহত মোনায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভায়না বাজারে স্কুলের পাশে মোনায়েম হোসেন দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন লোক তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নই। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ঘটনা ঘটিয়েছে। আমরা তদন্ত করে দেখব। মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে থেকে আনার পর আমরা ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেব।”
তথ্যসূত্র: রাইজিংবিডি