বগুড়ায় ডিসি গোল্ডকাপ ফুটবল: অভিষেক আসরেই চ্যাম্পিয়ন সিটি কর্পোরেশন
বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি যেন নতুন এক বার্তা দিয়ে গেল—ক্রিকেট-ফুটবলের এই জনপদে একটি অত্যাধুনিক স্টেডিয়াম এখন সময়ের সবচেয়ে বড় দাবি। শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন খোলা মাঠে তিল ধারণের ঠাঁই ছিল না। হাজার হাজার দর্শকের উল্লাস আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে পর্দা নামল এই জমজমাট টুর্নামেন্টের, যেখানে প্রথমবার অংশ নিয়েই শিরোপা ঘরে তুলল বগুড়া সিটি কর্পোরেশন।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয়েছিল বগুড়া সিটি কর্পোরেশন ও বগুড়া সদর উপজেলা দল। শুরু থেকেই দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই। নির্ধারিত ৯০ মিনিটের নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
সেখানেও শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম পাঁচ শটে উভয় দলই ৪-৪ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় ‘সাডেন ডেথ’-এ। শেষ মুহূর্তে সিটি কর্পোরেশন গোল করতে সক্ষম হলেও সদর উপজেলার শটটি দারুণ দক্ষতায় রুখে দেন সিটি কর্পোরেশনের গোলরক্ষক আব্দুল হাকিম। এই একটি মাত্র সেভই অভিষিক্ত সিটি কর্পোরেশন দলকে এনে দেয় গৌরবোজ্জ্বল চ্যাম্পিয়নের ট্রফি। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও লুফে নেন গোলরক্ষক আব্দুল হাকিম।
ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন । বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ও সুরাইয়া জেরিন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু প্রমুখ।
স্টেডিয়ামের ভেতরে ধারণক্ষমতা ফুরিয়ে যাওয়ায় বাইরে তৈরি হয়েছিল এক অন্যরকম দৃশ্য। জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন চারপাশের খোলা মাঠে। গাছের ডাল, আশপাশের উঁচু ভবনের ছাদ, এমনকি শহীদ চান্দু স্টেডিয়ামের পরিত্যক্ত ফ্লাডলাইটের টাওয়ারে চড়েও তরুণদের খেলা দেখতে দেখা যায়—যা বগুড়ার মানুষের ফুটবলপ্রেমের গভীরতা ও একই সঙ্গে একটি নিরাপদ ভেন্যুর তীব্র প্রয়োজনীয়তাই ফুটিয়ে তোলে।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বগুড়ার ১৩টি উপজেলার পাশাপাশি বগুড়া সিটি কর্পোরেশন দলও অংশ নেয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন ট্রফি ছাড়াও ৩ লাখ টাকা এবং রানার্সআপ দল দেড় লাখ টাকা প্রাইজমানি অর্জন করে।