বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পার্বতীপুরে চলন্ত ট্রেনে যাত্রীকে অচেতন করে ছিনতাই, গ্রেফতার ১

পার্বতীপুর প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন জাতীয়
পার্বতীপুর প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
পার্বতীপুরে চলন্ত ট্রেনে যাত্রীকে অচেতন করে ছিনতাই, গ্রেফতার ১

দিনাজপুরের পার্বতীপুরে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীকে অচেতন করে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার সময় ফুল মিয়া (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাটি ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ  (ওসি) জুলফিকার আলী।


রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়,খুলনা থেকে চিলাহাটিগামী যাত্রীবাহী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশন অতিক্রম করার সময় ট্রেনের যাত্রী আলহাজ্ব  মফিজুর রহমান অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে ট্রেনে দায়িত্ব পালনরত রেলওয়ে পুলিশ তার পাশের যাত্রী ফুল মিয়াকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে মফিজুর রহমানের টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।


জানা গেছে,ট্রেন যাত্রী মফিজুর রহমান এর সাথে আলাপের এক পর্যায়ে ফুল মিয়া তাকে জুস পান করান। এর পরই তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে পরবর্তী স্টেশন সৈয়দপুরে নিয়ে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।


এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় ফুল মিয়াসহ অজ্ঞাত পরিচয় আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা দায়র করা হয়েছে। মামলায় ফুল মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।


ফুল মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৫ সালের ৩০ আগস্ট একই ট্রেনে দুই নারী যাত্রীকে অচেতন করার অভিযোগেও তাকে আটক করা হয়েছিল বলে রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।