বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

‘রূপপুর থেকে কবে বিদ্যুৎ আসবে, নিশ্চিত নয় সরকার’

সোনার দেশ ডেস্ক ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
‘রূপপুর থেকে কবে বিদ্যুৎ আসবে, নিশ্চিত নয় সরকার’

চলতি মাসে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। কবে উৎপাদন শুরু হবে, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, বিদ্যুৎকেন্দ্রের চুল্লির দুটি সেফটি ভালভে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে।


ত্রুটি পরীক্ষা ও মেরামতের জন্য রাশিয়া থেকে পাঁচজন বিশেষজ্ঞ এসেছেন। তাদের প্রতিবেদন পাওয়ার পর বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার সরকারি ঘোষণা ছিল। এ বিষয়ে মন্ত্রী বলেন, কারিগরি সমস্যা সমাধানের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


বুধবার রূপপুরে সিভিল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনায় কোনো প্রভাব পড়েনি।


‘আমরা এখনো নিশ্চিত নই। আপাতত বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার বিষয়টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার,’ বলেন মন্ত্রী।


এদিকে রূপপুরের উৎপাদিত বিদ্যুতের দামও দ্রুত নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি।


ব্রিফিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।


তথ্যসূত্র: বাংলানিউজ