বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পদ্মায় নৌকা ভ্রমণ: হার্ডিঞ্জ ব্রিজে ধাক্কা লেগে ছাত্রদল নেতা নিখোঁজ

সোনার দেশ ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬ অপরাহ্ন
পদ্মায় নৌকা ভ্রমণ: হার্ডিঞ্জ ব্রিজে ধাক্কা লেগে ছাত্রদল নেতা নিখোঁজ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে এসে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুজ্জামান রকি নামে এক ছাত্রদল নেতা নিখোঁজ হয়েছেন। ওই নৌকায় দেড় শতাধিক মানুষ ছিলেন বলে জানা গেছে।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে নৌকাটি হার্ডিঞ্জ ব্রিজের ৪ নম্বর পিলারে ধাক্কা খায়। এতে নৌকায় থাকা তিনজন পানিতে পড়ে যান।


পরে তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা গেলেও ছাত্রদল নেতা রকি নিখোঁজ হন। রকি ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব বলে জানা গেছে।


নৌকা ভ্রমণে আসা যাত্রীরা জানান, ঝিনাইদহের শৈলকুপার কাতলা গাড়ি ঘাট থেকে তারা ১২৩ জন ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। এছাড়া ওই নৌকাতে মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক ছিলেন।


বেড়ানো শেষে রাত ৯টা ১০ মিনিটের সময় তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছান। এ সময় স্রোতের ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের চার নম্বর পিলারের সাথে তাদের নৌযানটির পেছনের অংশের ধাক্কা লাগে। এতে রকি, লিটন ও ওহাব পানিতে পড়ে যান। পরে লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ রয়েছেন।


খবর পেয়ে ঘটনাস্থলে ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে কাজ করে তাকে পায়নি।


ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, নিখোঁজ রকিকে উদ্ধারের জন্য নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেশ কিছু ইউনিট কাজ করেছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় ও রাত হওয়ার কারণে উদ্ধার কাজ চালানো বেশ কঠিন হয়।


তথ্যসূত্র: বাংলানিউজ