রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

খুলনায় প্রকাশ্যে শ্রমিককে গুলি করে হত্যা

সোনার দেশ ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
খুলনায় প্রকাশ্যে শ্রমিককে গুলি করে হত্যা
খুলনার দৌলতপুর থানা। ফাইল ফটো

খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্যে আব্দুল জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয় কুলিবাগান মোড়ে তাকে হত্যা করা হয়। মাদক সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে এমনটি ধারণা করছে পুলিশ।


নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকালে কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন জলিল। এ সময় একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, “মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করা যায়নি।”


তিনি বলেন, “মাদক সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হত্যার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।”


তথ্যসূত্র: রাইজিংবিডি