চাঁদা না পেয়ে শরীরের আগুন দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১
লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হওয়া মামলায় প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকার একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত দেলোয়ার একই এলাকার মৃত ধনু মিয়ার ছেলে।
ফুড কেমিক্যাল ব্যবসায়ী শাহেদ আলমের অভিযোগ, তিনি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার কালী বাজার সড়কে ব্যবসা করেন। গত মঙ্গলবার দুপুরে দেলোয়ার পেট্রোলের বোতল নিয়ে তার দোকানে আসেন। তিনি দোকানের মালামালের ওপর পেট্রোল ছিটিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তার পাশে বসে থাকা ব্যবসায়ী কৃষ্ণপালের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে তাকে টেনেহিঁচড়ে মারধর করা হয়। এ সময় দোকানের কর্মচারী সোহাগ বাধা দিলে তাকেও মারধর করা হয়।
তিনি জানান, আশপাশের লোকজন তাকে (শাহেদ) উদ্ধার করতে এগিয়ে গেলে দেলোয়ার, তার ছোট ভাই শাকিল ও ভাগ্নে মুন্না দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহেদ বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন। এতে দেলোয়ারকে প্রধান করে শাকিল ও মুন্নাকে আসামি করা হয়।
এদিকে চাঁদা দাবি ও ব্যবসায়ীদের মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি বলেন, “খবর পেয়েই আমি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। এরপর থেকে বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, “ঘটনার পর খবর পেয়েই পুলিশ পাঠানো হয়। অভিযুক্তরা মাদকাসক্ত। ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।”
তথ্যসূত্র: রাইজিংবিডি