রাজশাহী সিটি কলেজে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ
রাজশাহী সরকারি সিটি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রথম দিনের ক্লাস ও নবাগতদের কলেজে আগমন উপলক্ষে কলেজ প্রশাসন ও ভর্তি কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় নবাগত শিক্ষার্থীদের হাতে একাডেমিক ক্যালেন্ডার ও ফুল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের ভর্তি কমিটির আহ্বায়ক, শিক্ষক পরিষদের সম্পাদক ও উপাধ্যক্ষ প্রফেসর মনির উদ্দিন আহম্মদ, অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াছ উদ্দিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াছ উদ্দিন নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, রাজশাহী সরকারি সিটি কলেজে শিক্ষার্থীদের আগমন তাদের জীবন গড়ার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজেদের প্রস্তুত করার একটি সুশৃঙ্খল ক্ষেত্র তৈরি করবে—এটাই প্রত্যাশা।
তিনি শিক্ষার্থীদের সার্বিক সফলতা অর্জনের জন্য নিয়মিত ক্লাসে উপস্থিতির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।