বাছাই করা মেধাবী শিক্ষার্থীরাই আজ রাজশাহী কলেজে: বিভাগীয় কমিশনার
রাজশাহী কলেজের নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেছেন, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে তোমাদের বাছাই করে নেওয়া হয়েছে। তোমরা শুধু আভিজাত্যের নয়, চ্যালেঞ্জের সিঁড়িতে পা দিয়েছ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, রাজশাহী কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরা দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে থেকে বাছাই হয়ে এসেছে। এখানে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তারা শুধু একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগই পায়নি, একই সঙ্গে নিজেদের মেধা, যোগ্যতা ও সম্ভাবনাকে আরও বিকশিত করার সুযোগ পেয়েছে। তবে এই সুযোগের সঙ্গে তাদের সামনে নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে।
তিনি বলেন, তোমরা শুধু আভিজাত্যের নয়, চ্যালেঞ্জের সিঁড়িতে পা দিয়েছ। তাই রাজশাহী কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, মূল্যবোধ ও দায়িত্ববোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
নবাগত শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে মো. ইউসুফ আলী বলেন, আজ যেই মেধাবী নক্ষত্রগুলো সামনে উপবিষ্ট আছে, আশা করি আগামী দুই বছর পর এই নক্ষত্রগুলো উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়ে অন্যত্র যাবে। আগামী দুই বছর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে তাদের নিজেদের মেধা ও প্রতিভাকে কাজে লাগাতে হবে। রাজশাহী কলেজ থেকে শিক্ষা নিয়ে তারা যেন উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।
অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুস আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও নবাগত শিক্ষার্থীরা ।