বাঘায় বাড়ির আঙ্গিনায় গাঁজার গাছসহ চাষি আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
রাজশাহীর বাঘায় বাড়ির আঙ্গিনায় গাঁজার গাছসহ হাফিজুর রহমান (৪০) নামের এক চাষিকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ছাতারী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হাফিজুর রহমান ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, হাফিজুর রহমান নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করছিলেন। এ সংবাদ পেয়ে বাঘা থানার পুলিশ গোপনে অভিযান চালিয়ে তাকে আটক করে গাঁজার গাছ জব্দ করা হয়।
এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, হাফিজুরকে আটক করা পর তার স্বীকারোক্তিতে গাঁজার গাছ জব্দ করা হয়। গাছ রোপন করার পর থেকে সে নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেবন ও বিক্রয় করে আসছিলে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।