শনিবার, অক্টোবর ০৩, ২০২৬

শামীম হোসেনের কবিতা নিয়ে ডাকঘরের আড্ডা

নিজস্ব প্রতিবেদক ০২ অক্টোবর ২০২৬ ১১:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০২ অক্টোবর ২০২৬ ১১:০১ অপরাহ্ন
শামীম হোসেনের কবিতা নিয়ে ডাকঘরের আড্ডা

রাজশাহীতে কবি শামীম হোসেনের কবিতা নিয়ে বিশেষ আড্ডার আয়োজন করে সাহিত্য পত্রিকা ডাকঘর। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টায় নগরের বাটার মোড়ের পাণ্ডুলিপি বুক ক্যাফেতে এ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।


রাজশাহী শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান কবি দীপক দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডার এবারের বিশেষ আয়োজন ছিল ‘শামীম হোসেনের কবিতা: অন্যরকম মুগ্ধতা’ শীর্ষক আলোচনা ও কবির কবিতা থেকে আবৃত্তি। এর পাশাপাশি কবিকণ্ঠে কবিতা, ছড়া ও অণুগল্প পাঠ করেন আমন্ত্রিত কবি ও লেখকরা।


শিশুসাহিত্যিক ও ডাকঘরের সম্পাদক হাসনাত আমজাদের সঞ্চালনায় শামীম হোসেনের কবিতা নিয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক, কবি ও কথাসাহিত্যিক মোস্তফা তারিকুল আহসান, কবি ও গল্পকার মঈন শেখ এবং তরুণ ভাষাচিত্রী সুবন্ত যায়েদ।


আলোচকরা বলেন, কবি শামীম হোসেন বাংলাদেশের সমকালীন সাহিত্যের এক সুপরিচিত ও স্বতন্ত্র কণ্ঠস্বর। আত্মমগ্ন এই কবির রচনাজগৎ মূলত মানুষের অন্তর্লোক, প্রকৃতির রূপ, প্রেম, স্মৃতি, সময়, ইতিহাস, জীবনসংগ্রাম এবং অস্তিত্ববোধকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তাঁর কবিতায় একদিকে যেমন রয়েছে ভাষার সংযম ও নান্দনিকতা, অন্যদিকে রয়েছে গভীর জীবনবোধ, প্রতীকী নির্মাণ এবং চিত্রকল্পের অভিনব ব্যবহার। শব্দের প্রতি তাঁর সচেতনতা, নির্মেদ প্রকাশভঙ্গি এবং বিষয় নির্বাচনের বৈচিত্র্য তাঁকে সমকালীন বাংলা কবিতায় একটি স্বতন্ত্র অবস্থান এনে দিয়েছে।


অনুষ্ঠানে কবি শামীম হোসেনের কবিতা আবৃত্তি করেন মনিরুজ্জামান উজ্জ্বল, সাবরিনা আফরিন, মালিহা তাসফিয়া রোদেলা, মহুয়া মল্লিক জেবা ও প্রগতি দে।


এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক কাজী সুশমিন আফসানা ও কথাসাহিত্যিক মাসউদ আহমাদ।


সাহিত্য আড্ডায় কবিতা ও ছড়া পাঠ করেন কবি ওয়ালী উল ইসলাম, সরদার আবুল হাসান, রাব্বানী সরকার, সেঁজুতি রহমান, দিপালী রানী সরকার, সমতোষ রায়, সুফিয়া ডেইজি, আসমা উষা, আব্দুলাহ আল বাকী, হাসিন এহসাস লগ্ন, মনিরুল ইসলাম মনি, জাকির হোসেন, রুদ্র বারী প্রমুখ এবং অণুগল্প পাঠ করেন অর্ণব পাল সন্তু।


পঠিত লেখার ওপর আলোকপাত করেন কবি মোস্তাক রহমান ও শিশুসাহিত্যিক মাসুম আওয়াল।