রাবিতে ৮ দিনব্যাপী বই মেলা শুরু

বইমেলার উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। ছবি: সংগৃহীত
রাবি প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে আট দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবন চত্বরের সামনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ্ হাসান নকীব।
মেলাটি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে এটি।
মেলার উদ্বোধনের পর উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, গতবছরও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে বই মেলার আয়োজন করা হয়েছিলো। এবছর সেটি আরও বৃহৎ পরিসরে শুরু করা হলো।
এর উদ্দেশ্য হলো বই কেনা ও পড়াকে উৎসাহিত করা এবং বিভিন্ন নবীন লেখক, নতুন প্রকাশনা, পুরাতন ও প্রতিষ্ঠিত লেখক সবাইকে একত্রে নিয়ে আসা।
তিনি আরও বলেন, এই মেলা বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডারের একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠবে এবং বছরের পর বছর চলতে থাকবে ও আরো সমৃদ্ধশালী হয়ে উঠবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, ‘আজকের বই মেলায় প্রকাশনা বিভাগের একটি নিজস্ব স্টল এবং বিশ্ববিদ্যালয়ের একটি স্টল রয়েছে যেখানে বিভিন্ন ফ্যাকাল্টির বই-পুস্তক ও জার্নালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেখকরা জমা দিতে পারবেন। এছাড়াও শিক্ষার্থীরা তাদের লেখা জমা দিতে পারবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান।