নগরীতে জামায়াতের কর্মীকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি রিপনকে (৪৩) গ্রেফতার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাত আনুমানিক পৌনে ৫ টায় আরএমপি’র রাজপাড়া থানার একটি বিশেষ টিম রাজশাহী জেলার বাঘা থানার নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিপন রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রিপনসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ বিরোধিতার জেরে ভিকটিম ওমর ফারুক ওরফে শান্ত (২৪)-কে নির্মমভাবে হত্যা করা হয়।
গত বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৫ টায় রাজপাড়ার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার চায়ের দোকানের সামনে গজ চিপা গলির ভরাট পুকুরে ভিকটিমকে ধারালো চাকু ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়। এজাহারে এ হত্যা মামলায় মোট ৩ জন আসামি রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে আরএমপি’র অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে এই হত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজশাহী মহানগরী জাামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এমন নৃশংস হত্যাকান্ড খুবই উদ্বেগজনক, দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সেই সাথে নিহতের পরিবারে প্রতি শোক ও সমাবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেনো প্রিয় ভাই ওমর ফারুক শান্তকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।#