তানোরে মশাল হাতে যুবলীগ- ছাত্রলীগের মিছিল
রাজশাহীর তানোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মশাল মিছিল বের করা হয়। এসময় মিছিলে থাকা নেতাকর্মীদের মশাল হাতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে অনুষ্ঠিত এই মিছিলের একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই মিছিল কলমা ও পাঁচন্দর ইউনিয়নে হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কেউ কেউ মুখে মাস্ক আর হেলমেট ব্যবহার করে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল থেকে অংশগ্রহণকারীরা ‘ক্যাঙ্গারু কোর্টের রায় মানি না, মানবো না’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। অন্ধকারে হঠাৎ করে বের হওয়া পৃথক মিছিল কলমা ও পাঁচন্দর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দ্রুত শেষ হয়।
মিছিলের ভিডিও ফেসবুকে পোস্ট হওয়ার পর থেকেই তানোর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও উত্তেজনা দেখা দিয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশ ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে এবং এলাকায় যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।