রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

নাটোরে সাত স্বেচ্ছাসেবী সংগঠন পেল সাড়ে ৫ লাখ টাকার অনুদান

নাটোর প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ ১১:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ ১১:৫২ অপরাহ্ন
নাটোরে সাত স্বেচ্ছাসেবী সংগঠন পেল সাড়ে ৫ লাখ টাকার অনুদান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ উপলক্ষে নাটোরের সাতটি স্বেচ্ছাসেবী সংগঠনকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়েছে।


শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলার সাতটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে নাটোরের ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৭৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা এবং অনির্বাণ সংগঠনকে ১ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়। এ অনুদানের মাধ্যমে সংগঠনগুলোর সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


ভিডিও কনফারেন্সে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত, সিভিল সার্জন ডা. মশিউর রহমান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ টি এম গোলাম মাহবুবসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।


এ ছাড়া অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সংগঠনগুলোর প্রতিনিধি, সাংবাদিক এবং যুব উন্নয়ন, ক্রীড়া সংস্থা ও মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।


অনুষ্ঠানে যুবসমাজকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং সমাজের উন্নয়নে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।