সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মহাসপ্তমীতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্যাপন নিশ্চিত করতে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) রাতে পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তা, প্রবেশ ও বের হওয়ার পথ, সার্বিক পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজামণ্ডপে আগত ভক্ত, দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেন।
পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ ও আনসার সদস্যদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেন পুলিশ সুপার। একই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ গ্রহণ, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ এবং পূজামণ্ডপ এলাকায় সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের অন্যতম প্রতীক। এ উৎসবকে ঘিরে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা পুলিশ জানায়, দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। দুর্গোৎসবের প্রতিটি পর্যায়ে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে।