চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ মণ্ডপে দুর্গোৎসব, উৎসবে মাতলেন নারী-পুরুষ ও শিশুরা
নানা রঙের পোশাকে সেজে পূজামণ্ডপে আসছেন নারী-পুরুষ ও শিশুরা। ঢাকের বাদ্য, ধর্মীয় আচার-অনুষ্ঠান আর উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের পূজামণ্ডপগুলো। জেলায় এবার ১৬৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনসহ বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার মধ্যে ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বিধান রয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ষোড়শ উপচারে পূজার মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানাচ্ছেন। দেবীর আগমনকে ঘিরে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। প্রচলিত রীতি অনুযায়ী, মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা চলে। তবে এ বছর পঞ্জিকা অনুযায়ী সপ্তমীর তিথি দুদিন পড়ায় উৎসবের ব্যাপ্তি হচ্ছে ছয় দিন। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
এবার দেবী দুর্গার আগমন ঘোটকে (ঘোড়ায়) এবং গমন নৌকায়। হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা তাঁর বাপের বাড়ি মর্ত্যলোকে আসেন। পুরাণের বর্ণনা অনুসারে, অসুরের অত্যাচারে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হলে অশুভ শক্তির বিনাশে তাঁদের সম্মিলিত তেজরশ্মি থেকে আবির্ভূত হন মহাশক্তির প্রতীক দেবী দুর্গা। তিনি অসুরবিনাশিনী ও দুর্গতিনাশিনী হিসেবে পূজিত হন।
চাঁপাইনবাবগঞ্জ পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি জানান, জেলার পাঁচ উপজেলায় মোট ১৬৪টি মণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৬১টি, শিবগঞ্জে ৫১টি, গোমস্তাপুরে ৩২টি, নাচোলে ১৭টি এবং ভোলাহাটে তিনটি মণ্ডপ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা আনন্দচিত্তে পূজা-অর্চনার মধ্য দিয়ে তাঁদের ধর্মীয় কার্যক্রম শুরু করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, এ অঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ বরাবরই সম্প্রীতি ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। এবারও সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করবেন বলে তাঁরা আশাবাদী। তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করছেন।