সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ১৬৪ পূজামণ্ডপে নিরাপত্তা, গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের ১৬৪ পূজামণ্ডপে নিরাপত্তা, গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচার ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ জন্য চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে গঠন করা হয়েছে বিশেষ সাইবার মনিটরিং সেল। পাশাপাশি জেলার ১৬৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন এসআরবির সদস্যরা।


রোববার (১৮ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুররানী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব তথ্য জানান এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।


পরে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে গঠিত সাইবার মনিটরিং সেলের দুজন সদস্য পালাক্রমে ২৪ ঘণ্টা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছেন। কেউ উসকানিমূলক পোস্ট দিলে কিংবা গুজব ছড়ালে দ্রুত তাঁকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এসআরবির এই কর্মকর্তা জানান, এখন পর্যন্ত তাঁদের সাইবার মনিটরিং সেলের নজরদারিতে কোনো গুজব বা উসকানিমূলক পোস্ট শনাক্ত হয়নি। একই সঙ্গে রাজশাহীতে এসআরবি-৫-এর সদর দপ্তরেও সাইবার মনিটরিং সেল সক্রিয়ভাবে কাজ করছে।

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তরিকুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৪টি পূজামণ্ডপে এসআরবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছেন সদস্যরা।