নাটোর-৪ আসনের এমপির গ্রেপ্তার ছেলের ঘনিষ্ঠ প্রবাসীর মার্কেটে হামলা
নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পরপরই চাঁচকৈড় বাজারে এক প্রবাসীর মালিকানাধীন রাশ মেগা শপিং মলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ঘটনাটি ঘটে। শপিং মলটির মালিক যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী রাসেল হোসাইন। এ ঘটনায় প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
স্থানীয়রা জানান, শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামানের সঙ্গে শপিং মলটির মালিক রাসেল হোসাইনের ঘনিষ্ঠতা রয়েছে বলে এলাকায় আলোচনা আছে। এ ঘটনার জেরে শপিং মলটিতে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। তবে, হামলার প্রকৃত কারণ তদন্তসাপেক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকায় জানাজা শেষে মঙ্গলবার রাতে শাকিলের মরদেহ গুরুদাসপুরে আনা হয়। রাত সাড়ে ১০টার দিকে সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মাইকিং করে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হলে প্রায় ২০০ থেকে ২৫০ জন মিছিল নিয়ে চাঁচকৈড় বাজারে যান। একপর্যায়ে তারা রাশ মেগা শপিং মলে হামলা চালান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকারীরা শপিং মলের শাটার ভেঙে তৈরি পোশাক, প্রসাধনী ও জুতা-স্যান্ডেলের দোকানে লুটপাট করেন। পরে মলটিতে ভাঙচুর চালানো হয়। প্রায় ৪০ মিনিট ধরে লুটপাট চলার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এ সময় কয়েকজনকে লুট করা মালামাল মাথায় করে এবং রিকশা-ভ্যানে নিয়ে যেতে দেখা যায়।
শপিং মলের মালিক রাসেল হোসাইন অভিযোগ করেন, একটি মহল আগে থেকেই তার প্রতিষ্ঠানটি বন্ধ করার চেষ্টা করছিল। শাকিল হত্যার ঘটনাকে কেন্দ্র করে লোকজন জড়ো করে তার প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে গত ১৪ অক্টোবর রাতে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। প্রথমে তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সর্বশেষ রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।
শাকিল হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামানের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পুলিশ সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সন্ধ্যায় আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম বলেন,কিছু সুযোগসন্ধানী লোক মব সৃষ্টি করে এমন পরিস্থিতিতে সৃষ্টি তৈরি করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, কিছু সুযোগসন্ধানী লোক মব সৃষ্টি করে একজন প্রবাসীর ক্ষতিসাধন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি