সোমবার, নভেম্বর ০২, ২০২৬

অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা

সোনার দেশ ডেস্ক ০২ নভেম্বর ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০২ নভেম্বর ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন
অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা

ভোক্তাপর্যায়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।


সোমবার রাতে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। নির্ধারিত দাম আজ সোমবার রাত ৮টা থেকেই কার্যকর।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য (সৌদি সিপি) বৃদ্ধির কারণে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।


এদিকে, বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও বাড়ানো হয়েছে।


নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এ দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।


অর্থাৎ সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ২২৩ টাকা।


বিইআরসির নির্ধারণ অনুযায়ী, বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৭১ টাকা ৬৮ পয়সা।


তথ্যসূত্র: বাংলানিউজ