পুলিশ-শ্রমিক সংঘর্ষে থমথমে অবস্থা, একসঙ্গে ২৬৪ কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ হয়েছে। কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ অবস্থায় সাভার ও আশুলিয়ার ২৬৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসব কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
সোমবার (২ নভেম্বর) বিকালে সাভার শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। এর আগে সকাল থেকে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। শ্রমিকরা জানান, তৃতীয় দিনের মতো আজ সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবি, কালো তালিকাভুক্তকরণ ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। সকালে এই তিন দফার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পোশাকশ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে আশুলিয়া থানা পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
এদিকে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হন। এ সময় নিট এশিয়া, আল-মুসলিম, টাউজার লাইন, অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানায় গতকাল রবিবারের মতো আজও সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা সড়কে এসে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়।
এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। তখন পুলিশ শ্রমিকদের সরাতে টিয়ারশেল ছোড়ে। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে নরসিংহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করেন। শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে থমথমে অবস্থা সৃষ্টি হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পিকার্ড বাংলাদেশ লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন, জনরন সোয়েটার, ফেরারি গার্মেন্টস, ডেনিটেক্স লিমিটেড, আনলিমা টেক্সটাইল লিমিটেড, আল ইসলাম টেক্সটাইল লিমিটেড, জিকিউ ইন্ডাস্ট্রিজ পোশাক কারখানার সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আশুলিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। পরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে পুলিশ। দুই পোশাকশ্রমিককে আটক করা হয়।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘তিন দাবিতে সাভারে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের বিক্ষোভের কারণে সাভার-আশুলিয়ায় ২৬৪টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার ও আশুলিয়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন