মানুষের মতো প্রাণীদের মাঝেও বন্ধুত্ব হয়?
“বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।”—সক্রেটিসের এই উক্তি অনেক মানুষই মানেন এবং পালন করেন। কারণ বন্ধুত্ব মানুষের সামাজিক সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি অংশ। কিন্তু প্রাণীদের মধ্যেও কী বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে? তারাও কী মানুষের মতো বন্ধুত্বের যত্ন নেয়? এসব প্রশ্নের উত্তর ব্যাখ্যা করে দিয়েছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটারের আচরণগত বাস্তুবিদ্যার পোস্টডক্টরাল গবেষক ডেলফিন ডি মুর।
এ গবেষকের মতে—প্রথম প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’। লাইভ সায়েন্সকে ডেলফিন ডে মুর বলেন, “পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে প্রাণীরা সামাজিক সম্পর্ক গড়ে তোলে। প্রচন্ড সামাজিক প্রাণীদের মধ্যে বিশ্বাস ও ঘনিষ্ঠতার বিভিন্ন মাত্রার ভিত্তিতে সম্পর্ক তৈরি হয়। পারস্পরিক যোগাযোগের ধরন এসব বন্ধনকে প্রভাবিত করে। বারবার ইতিবাচক অভিজ্ঞতা তৈরি হলে পরস্পরের প্রতি বিশ্বাস বাড়তে থাকে।”
মানুষের বন্ধুত্বের মতো প্রাণীদের মধ্যেও যদি স্থিতিশীল, দীর্ঘস্থায়ী এবং উভয়ের জন্য উপকারী সম্পর্ক গড়ে ওঠে, তাহলে প্রাণিজগতেও বন্ধুত্বের অস্তিত্ব রয়েছে বলে মনে করেন ডেলফিন ডে মুর।
ফ্রান্সের লিয়নে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের (সিএনআরএস) গবেষণা পরিচালক এবং দ্য গ্রেট অ্যাপ সোশ্যাল মাইন্ড ল্যাবের প্রধান ক্যাথরিন ক্রকফোর্ডের মতে, “এ ধরনের বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে প্রাণীদের স্নায়ুরসায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে প্রাইমেট বা বানরজাতীয় প্রাণীদের মধ্যে এর প্রভাব স্পষ্ট।”
লাইভ সায়েন্সকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাথরিন ক্রকফোর্ড বলেন, “বানরজাতীয় প্রাণীরা পরস্পরের শরীরের লোম পরিষ্কার করে দেওয়ার সময় তাদের শরীর থেকে অক্সিটোসিন নামে হরমোন নিঃসৃত হয়। এই হরমোন আচরণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং মস্তিষ্কে আনন্দ অনুভূতিকে সক্রিয় করে। ফলে ইতিবাচক একটি প্রতিক্রিয়া তৈরি হয়, যা তাদেরকে পুনরায় পরস্পরের পরিচর্যা করতে উৎসাহিত করে।”
বন্ধুর শরীরের লোম পরিষ্কার করে দেওয়ার ফলে কর্টিসল নামে হরমোনের মাত্রাও কমে যায়। এই হরমোনের সঙ্গে মানসিক চাপের সম্পর্ক রয়েছে। অন্যদিকে, যেসব গ্রুপের সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধন নেই, তাদের শরীরের লোম পরিষ্কার করে দিলে কর্টিসলের মাত্রায় কোনো পরিবর্তন দেখা যায় না। এসব তথ্য উল্লেখ করার পাশাপাশি কারণ ব্যাখ্যা করে ক্যাথরিন ক্রকফোর্ড বলেন, “নির্দিষ্ট কোনো ঘনিষ্ঠ সঙ্গীর সঙ্গে এ ধরনের পরিচর্যামূলক আচরণ করলে, প্রাণীরা শারীরিকভাবে বিশেষ উপকার পায় বলে মনে হয়।”
প্রথমবারের মতো প্রাইমেট বা বানরজাতীয় প্রাণীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বের বিষয়টি শনাক্ত করেন বিজ্ঞানীরা। মাতৃসূত্রে গঠিত বানরের দল পর্যবেক্ষণের মাধ্যমে এই ফলাফল পেয়েছেন তারা। তবে গত কয়েক দশকে অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও বন্ধুত্ব, এর উপকারিতা নিয়ে গবেষণার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও জানান ক্যাথরিন ক্রকফোর্ড।
“যেসব প্রাণী এ ধরনের দৃঢ় সম্পর্ক বজায় রাখতে পারে, তারা তুলনামূলকভাবে বেশি দিন বাঁচে। তাদের সন্তানসংখ্যাও বেশি হয়, মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত লক্ষণ কম দেখা যায়। এ ধরনের সম্পর্ক ধরে রাখতে পারলে তা জীবনে গভীর ইতিবাচক প্রভাব ফেলে।” বলেন ক্যাথরিন ক্রকফোর্ড।
এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে অর্কা বা কিলার ওয়েলসের কথা ধরা যাক। অর্কা একে অপরের সঙ্গে খাবার ভাগ করে খায় এবং কোথায় খাবার পাওয়া যাবে, সে সম্পর্কেও তথ্য বিনিময় করে। নিজের দলের অন্য সদস্যদের সঙ্গে যেসব অর্কার দৃঢ় বন্ধন রয়েছে, খাদ্যসংকটের সময় তাদের অনাহারে থাকার আশঙ্কা তুলনামূলকভাবে কম। অন্যদিকে, যেসব হায়েনার বন্ধু বেশি, তারা নিজের দলের মধ্যে তুলনামূলকভাবে বেশি সাফল্য অর্জন করে। কারণ সামাজিক কোনো চ্যালেঞ্জ বা সংঘাতের মুখে তারা বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পায় বলেও জানান ক্যাথরিন ক্রকফোর্ড।
বন্ধুত্বের সঙ্গে দায়িত্ব জড়িয়ে থাকে বলে মনে করেন ডেলফিন ডে মুর। তিনি বলেন, “প্রাণীরা তাদের সোশ্যাল পার্টনারদের জন্য অনেক বেশি ঝুঁকি নেয় এবং কোনো কিছুর জন্য অনেক মূল্য চুকাতেও প্রস্তুত থাকে তারা।” এর একটি উদাহরণ ভ্যাম্পায়ার বাদুড়। ক্ষুধার্ত বন্ধুকে সাহায্য করতে তারা সদ্য গিলে খাওয়া খাবার উগরে বন্ধুর মুখে রক্ত তুলে দেয় বলেও জানান ডে মুর।
শিম্পাঞ্জির উদাহরণ টেনে ক্যাথরিন ক্রকফোর্ড বলেন, “শিম্পাঞ্জিদের মধ্যে বন্ধুত্বের বন্ধন এতটাই দৃঢ় হতে পারে যে, কোনো মা শিম্পাঞ্জি মারা গেলে তার ওপর নির্ভরশীল শাবককে ওই মায়ের পুরুষ বা নারী বন্ধু দত্তক নিতে পারে। একটি শাবককে লালন-পালনের দায়িত্ব নেওয়া নতুন অভিভাবকের জন্য বেশ ব্যয়সাপেক্ষ ব্যাপার। বিশেষ করে দত্তক নেওয়া প্রাণীটি যদি পুরুষ শিম্পাঞ্জি হয়, তাহলে তার জীবনযাত্রার স্বাভাবিক গতিও অনেকটা বদলে যায়।”
শিম্পাঞ্জিটির জীবনযাত্রার স্বাভাবিক গতি কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে ক্যাথরিন ক্রকফোর্ড বলেন, “পুরুষ শিম্পাঞ্জিকে তার স্বাভাবিক জীবনযাত্রার গতি কমিয়ে আনতে হয়। কারণ শাবকটিকে কোলে করে বহন করা কিংবা তার চলার গতির সঙ্গে তাল মেলাতে হয়। রাতে নিজের বাসায় শাবকটির সঙ্গে জায়গা ভাগ করতে হয়। পাশাপাশি দলের অন্য সদস্যদের সঙ্গে মেলামেশা কিংবা আক্রমণাত্মক সংঘাতে জড়িয়ে পড়ার সুযোগও কমে যায়।”
ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যেও বন্ধুত্ব হয়?
কেবল একই প্রজাতির প্রাণীদের মধ্যেই নয়, ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যেও পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্ব গড়ে উঠতে পারে। ২০২২ সালে প্রকাশিত যুগান্তকারী এক গবেষণায় দেখা যায়, কঙ্গো প্রজাতন্ত্রের বন্য শিম্পাঞ্জি ও গরিলারাও প্রজাতিগত সীমারেখা অতিক্রম করে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারে। এসব বন্ধুত্ব ২০ বছর বা তারও বেশি সময় স্থায়ী হতে পারে।
কিছু ক্ষেত্রে মানুষের হস্তক্ষেপেও প্রাণীদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। একই বাড়িতে বসবাস করা বিড়াল ও কুকুরের মধ্যে প্রায়ই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বেলজিয়ামের বেসরকারি একটি চিড়িয়াখানায় পরিচর্যাকারীরা ওরাংগুটান ও ভোঁদড়ের আবাসস্থল এক করে দেওয়ার পর প্রাণী দুটির মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। মেক্সিকোতে একসঙ্গে বেড়ে ওঠা একটি সিংহ ও কুকুরের মধ্যেও গভীর বন্ধন তৈরি হয়েছিল। সিংহটিকে অবৈধভাবে পোষা প্রাণী হিসেবে রাখা হয়েছিল। পরে প্রাণী দুটিকে একটি উদ্ধারকেন্দ্রে স্থানান্তর করা হলেও তাদের বন্ধুত্ব অটুট ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ব্যাজার ও কোয়োটের মধ্যে খেলাচ্ছলে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখা গিয়েছিল, যা এর আগে কখনো পর্যবেক্ষণ করা হয়নি। তবে বন্য পরিবেশে বিভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে এ ধরনের সম্পর্ক বিজ্ঞানীদের ধারণার চেয়েও অধিক প্রচলিত হতে পারে বলে মনে করেন ডেলফিন ডে মুর।
ডেলফিন ডে মুর বলেন, “প্রাইমেট বা বানরপ্রজাতি, হাতি ও ডলফিনের মতো কিছু প্রাণীর সামাজিক আচরণ নিয়ে কয়েক দশক ধরে গবেষণা হয়েছে। এমনকি, কোনো কোনো ক্ষেত্রে প্রাণীদের পুরো জীবনজুড়েই তাদের সম্পর্ক পর্যবেক্ষণ করা হয়েছে। এ কারণে এসব প্রাণীর বন্ধুত্বের বিষয়ে তুলনামূলকভাবে বেশি তথ্য পাওয়া যায়।”
“আমরা শুধু সেসব বিষয়ই জানি, যেগুলো নিয়ে গবেষণা করি। যেসব বিষয় নিয়ে গবেষণা করি না, সেগুলো সম্পর্কে আমাদের জানার সুযোগও থাকে না।” বলেন ডেলফিন ডে মুর।
প্রাণিজগতে, বিশেষ করে প্রাইমেট বা বানরজাতীয় প্রাণীদের মধ্যে বন্ধুত্বের প্রমাণ মানুষের বন্ধুত্ব করার ক্ষমতার বিবর্তন বুঝতেও সাহায্য করে বলে মনে করেন ক্যাথরিন ক্রকফোর্ড। বানরজাতীয় প্রাণীদের সঙ্গে মানুষের সর্বশেষ অভিন্ন পূর্বপুরুষের অস্তিত্ব ছিল প্রায় আড়াই কোটি বছর আগে। অর্থাৎ মানুষের বন্ধুত্ব, এর সঙ্গে সম্পর্কিত আচরণের পেছনে যে স্নায়ুরসায়ন কাজ করে, তা কোটি কোটি বছর ধরেই প্রাণিজগতে বিদ্যমান। ক্যাথরিন ক্রকফোর্ড বলেন, “এই প্রক্রিয়াগুলো অত্যন্ত গভীর এবং প্রাচীন।”
খানিকটা ব্যাখ্যা করে ক্যাথরিন ক্রকফোর্ড বলেন, “বর্তমান সময়ে মানুষ যখন বন্ধুত্বের চেয়ে অর্থ-খ্যাতি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের লাইক-কমেন্টকে বেশি গুরুত্ব দেয়, তখন এই বিষয় সুন্দর একটি স্মৃতি স্মরণ করিয়ে দেয়। বন্ধুত্ব করার আকাঙ্ক্ষা আমাদের অস্তিত্বেরই মৌলিক একটি অংশ। আমাদের ভেতরের গঠনই এমন যে, আমরা বন্ধু চাই।”
বন্ধুত্ব ধরে রাখতে পারলে দীর্ঘায়ু সম্ভব বলে মনে করেন ক্যাথরিন ক্রকফোর্ড। এ তথ্য স্মরণ করে তিনি বলেন, “আমরা যদি বন্ধুত্ব ধরে রাখতে পারি, বন্ধুদের প্রতি আন্তরিক থাকি, তাহলে আরো দীর্ঘদিন বাঁচব, সুস্থ থাকব এবং মানসিক চাপও কম অনুভব করব।”
তথ্যসূত্র: রাইজিংবিডি