দীর্ঘদিন সুস্থ থাকতে ব্যায়ামে বৈচিত্র্য দরকার, বলছে গবেষণা
সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু ব্যায়াম করার সময় কেবল কতক্ষণ শরীরচর্চা করছেন, সেটিই বিবেচ্য নয়। কী ধরনের ব্যায়াম করছেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত এই গবেষণায় হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের গবেষকেরা প্রায় ৩০ বছর ধরে ১ লাখ ১০ হাজার মানুষের শারীরিক কর্মকাণ্ড ও স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ করেন। তাদের মধ্যে যারা বিভিন্ন ধরনের ব্যায়াম করেছেন, তাদের মৃত্যুঝুঁকি শুধু এক ধরনের ব্যায়াম করা ব্যক্তিদের তুলনায় ১৯ শতাংশ কম পাওয়া গেছে।
উদাহরণ হিসেবে বলা যায়, দুজন যমজ ভাই সপ্তাহে ছয় ঘণ্টা ব্যায়াম করেন। একজন দুই ঘণ্টা দৌড়ান, দুই ঘণ্টা ভারোত্তোলন করেন এবং বাকি দুই ঘণ্টা যোগব্যায়াম করেন। অন্যজন পুরো ছয় ঘণ্টাই দৌড়ান। গবেষণার ফল অনুযায়ী, প্রথম ভাইয়ের দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনা বেশি।
গবেষণাটির প্রধান লেখক ড. ইয়াং হু বলেন, এর একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো, বিভিন্ন ধরনের শারীরিক কর্মকাণ্ড শরীরের জন্য আলাদা আলাদা উপকার বয়ে আনতে পারে।
তিনি জানান, দৌড়ানো বা অ্যারোবিক ব্যায়াম এবং শক্তি বাড়ানোর ব্যায়াম শরীরের ভিন্ন ভিন্ন উপকার করে। রক্তের চর্বি, রক্তচাপ এবং ইনসুলিনের কার্যকারিতার ওপরও এসব ব্যায়ামের প্রভাব আলাদা।
কোন ব্যায়ামে কতটা উপকার করে
গবেষকেরা বিভিন্ন ব্যায়ামের প্রভাব আলাদাভাবে পরীক্ষা করেছেন। দেখা গেছে, যারা সবচেয়ে বেশি হাঁটাহাঁটি করেছেন, তাদের মৃত্যুঝুঁকি সবচেয়ে কম হাঁটাহাঁটি করা ব্যক্তিদের তুলনায় ১৭ শতাংশ কম। একইভাবে, যারা বেশি দৌড়েছেন, তাদের মৃত্যুঝুঁকি কম দৌড়ানো ব্যক্তিদের তুলনায় ১৩ শতাংশ কম।
শক্তিবর্ধক ব্যায়াম, জগিং, রোয়িং (নৌকা চালানোর মতো ব্যায়াম) এবং টেনিসের ক্ষেত্রেও কাছাকাছি ধরনের উপকার দেখা গেছে। তবে সাঁতার ও সাইকেল চালানোর ক্ষেত্রে উপকারের মাত্রা তুলনামূলক কম ছিল।
গবেষণায় আরও দেখা গেছে, বিভিন্ন ধরনের ব্যায়াম করা ব্যক্তিদের হৃদরোগ, ক্যানসার ও শ্বাসতন্ত্রের রোগে মৃত্যুর ঝুঁকিও কম।
ব্যায়ামের বৈচিত্র্যের উপকারিতা নিয়ে এর আগেও গবেষণা হয়েছে। কানাডার অন্টারিওর কুইন্স ইউনিভার্সিটির গবেষকেরা স্থূলতায় আক্রান্ত একদল মানুষের ওপর তিন ধরনের ব্যায়ামের প্রভাব পরীক্ষা করেন। এগুলো হলো অ্যারোবিক ব্যায়াম, শক্তিবর্ধক ব্যায়াম এবং এই দুই ধরনের ব্যায়ামের সমন্বয়।
গবেষণায় দেখা যায়, শরীরের ইনসুলিন ব্যবহারের ক্ষমতা উন্নত করা এবং দৈনন্দিন কাজ করার সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে দুই ধরনের ব্যায়ামের সমন্বয় সবচেয়ে ভালো ফল দিয়েছে।
এ ছাড়া ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট সুস্থভাবে বার্ধক্যে পৌঁছানোর সঙ্গে সাত ধরনের শারীরিক কর্মকাণ্ডের সম্পর্ক নিয়ে গবেষণা করে। গবেষকদের পর্যবেক্ষণ ছিল, মানুষ কোন ধরনের ব্যায়াম করছেন, সেটি বড় কথা নয়। নিয়মিত শারীরিক কর্মকাণ্ডে সময় দিলেই প্রায় একই ধরনের স্বাস্থ্যগত উপকার পাওয়া যায়।
ব্যায়ামে বৈচিত্র্য থাকলে আরেকটি সুবিধা হয়। প্রতিদিন একই ব্যায়াম করতে করতে অনেকের একঘেয়েমি চলে আসে। কিন্তু কখনো হাঁটা, কখনো দৌড়ানো, আবার কখনো টেনিস বা শক্তিবর্ধক ব্যায়াম করলে শরীরচর্চার প্রতি আগ্রহ বজায় থাকে। গবেষণায় দেখা গেছে, ব্যায়ামের ধরনে বৈচিত্র্য থাকলে মানুষ শরীরচর্চা বেশি উপভোগ করেন এবং দীর্ঘদিন অভ্যাসটি ধরে রাখতে পারেন।
তবে সবার জন্য ব্যায়ামের একই সমন্বয় উপযুক্ত নয়। ড. ইয়াং হু বলেন, ‘ব্যায়ামের একটি আদর্শ সমন্বয় কিংবা কোন ব্যায়াম কখন করতে হবে, তা নির্ধারণ করা আমাদের গবেষণার উদ্দেশ্য ছিল না। আমরা মনে করি, বিষয়টি ব্যক্তিভেদে আলাদা হওয়া উচিত।’
গবেষণাটির একটি সীমাবদ্ধতাও আছে। এটি কোনো নিয়ন্ত্রিত পরীক্ষামূলক গবেষণা ছিল না। বরং দীর্ঘ সময় ধরে মানুষের জীবনযাপন ও স্বাস্থ্যগত তথ্য পর্যবেক্ষণ করে ফলাফল বের করা হয়েছে।
এই গবেষণার ফল আগের বিভিন্ন গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গবেষণার প্রধান লেখক ড. ইয়াং হুর মতে, শারীরিক কর্মকাণ্ডের উপকার দীর্ঘমেয়াদি। নিয়মিত শরীরচর্চার ফলে সময়ের সঙ্গে এসব উপকার জমা হতে থাকে।
তাই সুস্থ থাকতে শুধু ব্যায়ামের সময় বাড়ালেই হবে না, ব্যায়ামের ধরনেও পরিবর্তন আনতে হবে। নিজের পছন্দ ও শারীরিক সক্ষমতা অনুযায়ী হাঁটা, দৌড়ানো, যোগব্যায়াম কিংবা শক্তিবর্ধক ব্যায়াম বেছে নেওয়ার পরামর্শ দেন এই গবেষকরা।