বুধবার, নভেম্বর ১১, ২০২৬

কপ-৩১ সম্মেলনে প্রথমবারের মতো নওগাঁ থেকে প্রতিনিধিত্ব করছেন মামুনুর রেজা

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা ১০ নভেম্বর ২০২৬ ০১:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা ১০ নভেম্বর ২০২৬ ০১:৫১ অপরাহ্ন
কপ-৩১ সম্মেলনে প্রথমবারের মতো নওগাঁ থেকে প্রতিনিধিত্ব করছেন মামুনুর রেজা

জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিয়ে প্রথমবারের মতো নওগাঁ থেকে প্রতিনিধিত্ব করছেন পত্নীতলার তরুণ পরিবেশকর্মী মামুনুর রেজা (স্বাধীন)। আন্তর্জাতিক এই সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরেন্দ্র অঞ্চলের খরা, পানির সংকট ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রামের চিত্র তুলে ধরবেন।


গত ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া ২০ নভেম্বর পর্যন্ত চলমান এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, পরিবেশবিদ ও উন্নয়নকর্মীরা অংশ নিচ্ছেন। মূল অধিবেশনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পার্শ্ববৈঠকেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে মামুনুরের।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রেজা দীর্ঘদিন ধরে পরিবেশ আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি নওগাঁভিত্তিক যুব সংগঠন ‘ভয়েস’-এর প্রতিষ্ঠাতা এবং পরিবেশবিষয়ক জাতীয় সংগঠন ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর প্রচার সমন্বয়ক। তাঁর বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার হাইস্কুলপাড়া এলাকায়। তাঁর বাবার নাম আব্দুস ছামাদ।


খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে বেড়ে ওঠায় পানির সংকট, তীব্র তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত ও কৃষিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কাছ থেকে দেখেছেন মামুনুর। সেই অভিজ্ঞতা থেকেই আন্তর্জাতিক অঙ্গনে নিজের অঞ্চলের মানুষের সংকট ও দাবিগুলো তুলে ধরার উদ্যোগ নিয়েছেন তিনি।

সম্মেলনে জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি ও লোকসান এবং প্রকৃতিভিত্তিক সমাধানের বিষয়গুলোতে গুরুত্ব দিতে চান এই তরুণ প্রতিনিধি।


মামুনুর রেজা (স্বাধীন) বলেন, শুধু কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়ে জলবায়ু সংকটের সমাধান সম্ভব নয়। বরেন্দ্র অঞ্চলের মতো অতিঝুঁকিপূর্ণ এলাকার মানুষের সুরক্ষা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু তহবিলের সুনির্দিষ্ট বরাদ্দ নিশ্চিত করা জরুরি।


জলবায়ু অর্থায়নের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, অনুদানের বড় একটি অংশ প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কাজে ব্যয় হয়। ফলে মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছায় না। বাংলাদেশের জলবায়ুজনিত ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ন্যায্য ও পর্যাপ্ত অর্থায়ন আদায়ে জোরালো দাবি জানানো প্রয়োজন।


সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের মাঠপর্যায়ের তথ্য-উপাত্ত ও চিত্র সংকলন করে বাংলাদেশের সরকারি প্রতিনিধি দলের কাছে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সম্মেলন থেকে অর্জিত অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নওগাঁসহ বরেন্দ্র অঞ্চলের তরুণদের মধ্যে ছড়িয়ে দিয়ে জলবায়ু সুরক্ষায় নতুন উদ্যোগ গড়ে তোলার প্রত্যাশা করছেন মামুনুর।