বুধবার, নভেম্বর ১১, ২০২৬

নগরীতে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ গ্রেপ্তার ২, গাঁজা সেবনে আটক ১

সংবাদ বিজ্ঞপ্তি ১০ নভেম্বর ২০২৬ ০১:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ নভেম্বর ২০২৬ ০১:৫৩ অপরাহ্ন
নগরীতে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ গ্রেপ্তার ২, গাঁজা সেবনে আটক ১

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি), কাটাখালী ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৪৮টি ট্যাপেন্টাডল ও ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে মহানগর ডিবি পুলিশ মতিহার থানার চরশ্যামপুর গ্রামে অভিযান চালায়। এ সময় আব্দুস সামাদের ছেলে মো. মনিরুল ইসলামের (৪৪) বাড়িতে তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনিরুল পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে বিভিন্ন আইনে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


একই দিন রাত ৯টার দিকে কাটাখালী থানা পুলিশ নওদাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আজিজুল হোসেন (২৮) পালিয়ে গেলেও মো. চঞ্চল আলীকে (৩২) গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থল থেকে আজিজুলের ফেলে যাওয়া সাতটি এবং চঞ্চলের কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ও পলাতক দুজনের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।


অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় মো. রিয়াজুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। তিনি গোলজারবাগ গুড়িপাড়া এলাকার বাসিন্দা। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।