নগরীত ১৫০ সুবিধাবঞ্চিত কিশোরী পেল হাইজিন কিট
রাজশাহী নগরীর ১৫টি ওয়ার্ডের ১৫০ জন সুবিধাবঞ্চিত কিশোরীর মধ্যে হাইজিন কিটসহ স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় নগর ভবনের সিডিসি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরীদের হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি। ৯ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের মধ্যে হাইজিন কিট, আয়রন ও ভিটামিন ট্যাবলেট, সাবান, মাল্টিফাংশনাল কিট বক্স এবং জুট ব্যাগ বিতরণ করা হয়।
ইউএনডিপি, সিডকা ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় রাসিকের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, কিশোরীদের সুস্থ ও স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে ওঠা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। তাদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুবিধাবঞ্চিত পরিবারের কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ সহজলভ্য করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে। নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিহাব উদ্দিন চৌধুরী এবং ইউএনডিপির সিনিয়র ভলান্টিয়ার মো. আজাদ মোড়লসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।