ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রয়াত ভাষাসৈনিক, প্রবীণ রাজনীতিবিদ ও বীর সেনানী মোশাররফ হোসেন আখুঞ্জিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ জোহর নগরীর টিকাপাড়া ইদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে টিকাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেনের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামের নেতৃত্বে দলটি রাষ্ট্রীয় বিদায়ী সালাম জানায়। এ সময় মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু, ন্যাপ জেলা সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান আলম, ব্যবসায়ী নেতা ফরিদ উদ্দিন মামুদ, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানভীরুল আলম প্রমুখ
জানাজা ও দাফনে রাজশাহী জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা নামীয় বিভিন্ন সংগঠনের নেতারা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ উপলক্ষে বিভিন্ন পত্র-পত্রিকায় যৌথ শোকবার্তাও প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মেয়র ও এমপিএ ’৭০, প্রবীণ রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধ ’৭১ সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাদী; কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান; ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাইদুল ইসলাম; জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল ইসলাম খোকা ও ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ; মহানগর কমান্ডার আব্দুস সামাদ; জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মুক্তিযুদ্ধ ’৭১-এর সংগঠক কে এম এম ইয়াছিন আলী মোল্লা; মহানগরের সাবেক ডেপুটি কমান্ডার শাহজাহান আলী (বরজাহান) এবং জেলা সদস্য ও সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার। এ ছাড়া ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান আলমসহ অনেকে শোক প্রকাশ করেন।
অন্যদিকে, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। দুপুর ১২.৪৫ মিনিটে মহিলা পরিষদের নেত্রীবৃন্দ তাঁর মরাদেহে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, প্রশিক্ষন সম্পাদক সেলিনা বানু, লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমূখ।