জাতীয় ক্রিকেট লিগে ঢাকা-খুলনার নিষ্প্রাণ ম্যাচ ড্র
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ পর্বের ম্যাচে ঢাকা ও খুলনা বিভাগের লড়াই ড্র হয়েছে। চার দিনের ম্যাচে দুই দলের ব্যাটারদের আধিপত্যে বলার মতো কোনো ফল আসেনি। ১৩ সেশনে মোট ২৮৭.১ ওভার ব্যাট করে দুই দল ১৬ উইকেটে ১ হাজার ১১ রান সংগ্রহ করেছে। বিপরীতে বোলাররা পেয়েছেন মাত্র ১৬ উইকেট।
মঙ্গলবার (১০ নভেম্বর) ম্যাচের চতুর্থ ও শেষ দিনে খুলনা প্রথম ইনিংস শেষ করে ১৬০.৪ ওভারে ৫১৩ রানে। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার জীবন ও সাফি আলী ধীরগতিতে ব্যাট করতে থাকেন। ১৪০ ওভারের নতুন বলেও জুটি ভাঙতে পারেনি ঢাকা। মধ্যাহ্নবিরতির পর দলীয় ৫০৫ রানে ব্যক্তিগত ৪৬ রানে জীবন রাব্বির বলে এলবিডব্লিউ হন। এরপর সাফি আলীকে সঙ্গ দিতে ব্যর্থ হন পরের ব্যাটাররা। হালিম ৫ রান করে রায়হানের বলে বোল্ড হন। রাকিব ০ রানে রাব্বির বলে এলবিডব্লিউ হলে খুলনার প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে। সাফি আলী ২৯ রানে অপরাজিত থাকেন।
ঢাকার বোলারদের মধ্যে রাব্বি ৮২ রানে ৪টি উইকেট নেন। আনামুল ৭৬ ও আমিনুল ১৪৬ রানে ২টি করে উইকেট পান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকা দুই ওপেনার শিবলী ৫১ ও ইমন ৭৬ রানে আউট হন। শেষ পর্যন্ত ৩৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে ঢাকা। খুলনার বোলারদের মধ্যে তামিম ও জীবন একটি করে উইকেট নেন।
এরপর দুই দলের অধিনায়ক ম্যাচের ইতি টানার সিদ্ধান্ত নিলে নিষ্প্রাণ ম্যাচটি ড্র হয়। উল্লেখ্য, প্রথম ইনিংসে ঢাকা ১৩৬.১ ওভারে ৯ উইকেটে ৫১৩ রান সংগ্রহ করে। ফলে দুই দলের প্রথম ইনিংসের সংগ্রহও ছিল সমান।