ডেঙ্গু প্রতিরোধে নগরীতে ফের ফগার স্প্রে শুরু
ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীতে আবারও ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ফগার স্প্রে করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ কার্যক্রম পরিচালনা করা হবে।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, নগরীর স্লাব, ড্রেন, ভূগর্ভস্থ ড্রেন, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থলে কীটনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপাশি সরকারি ও আধা সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে বিশেষ অভিযান চালানো হবে। অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতেও পরিচালনা করা হবে বিশেষ কার্যক্রম।
রাসিকের মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন বলেন, প্রশাসকের নির্দেশনায় নগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হবে। একই সঙ্গে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান চালানো হবে।
তিনি আরও বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডে ব্লকভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় ও ড্রেন পরিষ্কার এবং ড্রেনে লার্ভিসাইড স্প্রেসহ মশক নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।