পরিবেশ সুরক্ষায় নারীদের সচেতন হওয়ার আহ্বান মহিলা পরিষদের
পরিবেশ সুরক্ষায় নারীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। দৈনন্দিন জীবনে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি ব্যবহার এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন সংগঠনটির নেতারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহীর সাগরপাড়া কমিটিতে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন বক্তারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন কার্যকরী কমিটির সদস্য তাহেরা খাতুন।
উঠান বৈঠকে পরিবেশ সুরক্ষায় নারীদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় যেখানে-সেখানে প্লাস্টিক ও পলিথিন ফেলার ক্ষতিকর দিক তুলে ধরে এগুলোর পরিবর্তে চট ও কাগজের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। বাড়ির পচনশীল বর্জ্য নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলে জৈব সার তৈরি এবং পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য বিক্রির বিষয়েও আলোচনা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, রান্না ও গৃহস্থালির কাজে নিরাপদ পানি ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিরোধের বিষয়েও আলোচনা করেন বক্তারা।
বৈঠকে অংশ নেওয়া নারীরা জানান, আগে সচেতনতার অভাবে তাঁরা বাড়ির আশপাশে ময়লা ফেলতেন। এখন থেকে নির্দিষ্ট ময়লার গাড়িতে বর্জ্য ফেলবেন এবং প্লাস্টিকের ব্যবহার কমাবেন। পরিবেশ দূষণ রোধে নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সভাপতির বক্তব্যে কল্পনা রায় বলেন, পরিবেশ সুরক্ষায় নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আলোচনা দৈনন্দিন জীবনের ক্ষতিকর অভ্যাস পরিবর্তনে সহায়তা করে। প্রত্যেকে সচেতন হলে সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, মহিলা পরিষদের প্রতিটি সদস্যকে দেশপ্রেমিক, প্রগতিশীল, মানবতাবোধসম্পন্ন এবং সমতাভিত্তিক সমাজ গঠনে নিবেদিত হতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি পেশাগত দক্ষতা বাড়ানো এবং তরুণ নেতৃত্বকে দায়িত্ব দিয়ে দক্ষ করে তোলাও সংগঠনের গুরুত্বপূর্ণ কাজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহসাধারণ সম্পাদক নিলুফার আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানুসহ অন্যরা। নারীরা যাতে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন সমস্যার মুখোমুখি না হন, সে বিষয়েও সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। ধন্যবাদ জানিয়ে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।